গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানিয়েছে তার দপ্তর।
রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর ঘটনাবহুল এক সময় অতিক্রম করছে দেশ। সেই প্রেক্ষাপটে গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশা নিয়ে ভোট দিচ্ছেন নাগরিকরা। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার সংক্রান্ত প্রশ্নে নিজেদের মতামত জানাচ্ছেন গণভোটের মাধ্যমে।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে। জামায়াতে ইসলামী মনোনীত এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে।
সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। প্রায় পৌনে ১৩ কোটি ভোটার যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, সংসদ নির্বাচন ও গণভোটকে শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি উল্লেখ করেন, এই যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এটি শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা এবং জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সব শ্রেণি ও পেশার নাগরিক যেন সচেতনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।



