ভোটগ্রহণ শুরু, সকাল থেকেই ভোটকেন্দ্রে জড়ো হচ্ছেন ভোটাররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই অনেক ভোটার কেন্দ্রে এসে হাজির হন। রাতভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করে পাহারায় ছিলেন।
ঢাকার মনিপুর এলাকা থেকে জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে। পুরুষ ও নারী ভোটারদের লম্বা সারি স্কুলের গেট পেরিয়ে ফুটপাত পর্যন্ত বিস্তৃত হয়েছে। তবে কিছু কেন্দ্রে এখনো নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একই চিত্র দেখা গেছে ঢাকা-১১ আসনের একটি কেন্দ্রেও। সেখানে বিএনপি ও জামায়াতের এজেন্টদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্ট তেমন দেখা যায়নি। তবে কিছু কেন্দ্রে ধানের শীষ ও এনসিপির পোলিং এজেন্টদের উপস্থিতির কথাও জানা গেছে।
মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়ছে। সেখানে পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারও ইতোমধ্যে লাইনে দাঁড়িয়েছেন।
চট্টগ্রামের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের লাইন রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বয়স্ক ভোটারদের মধ্যেও আগ্রহ দেখা গেছে। কেউ কেউ জানিয়েছেন, গত ১৭ বছর তারা ভোট দিতে আসেননি, কিংবা এলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
বাংলাদেশ মহিলা সমিতি বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে কথা বলে জানা গেছে, অনেক ভোটার সকালেই কেন্দ্রে এসেছেন। তাদের আশঙ্কা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট দিতে দেরি হতে পারে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।



