Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টাকে দিনমজুরের খোলা চিঠি

‘গরুর মাংস আমরা কিনে খেতে পারি না’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

‘গরুর মাংস আমরা কিনে খেতে পারি না’

ছবি : সংগৃহীত

‘দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোট–২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ভোটের গাড়ি কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে স্থাপন করা ‘জনমত বাক্স’-এ দেশের সাধারণ মানুষ সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তাদের ‘মনের কথা’ লিখে জানিয়েছেন। ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম চলাকালে টুকরো টুকরো কাগজে লেখা এসব মতামত জমা দেন নাগরিকরা। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ‘দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ গণভোট উপলক্ষে দেশজুড়ে চলে এক সচেতনতামূলক প্রচারণা। এই প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’র সঙ্গে ছিল একটি বিশেষ ‘জনমত বাক্স’। সেই বাক্সেই জমা পড়েছে হাজারো মানুষের হাতে লেখা এসব টুকরো টুকরো চিরকুট।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র জানায়, মোট ৪০ হাজার ২০৬টি মন্তব্যের মধ্যে সবচেয়ে বেশি এসেছে ঢাকা বিভাগ থেকে ১০ হাজার ২১৬টি। এরপর চট্টগ্রাম বিভাগ থেকে ৬ হাজার ৬টি, রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি এবং সিলেট বিভাগ থেকে ১ হাজার ৬৫১টি মন্তব্য জমা পড়েছে।

এই মন্তব্যগুলোতে উঠে এসেছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, রাষ্ট্রীয় সংস্কারসহ নানা সামাজিক ও ব্যক্তিগত সংকটের কথা। কোথাও ফুটে উঠেছে স্বপ্ন, কোথাও ক্ষোভ, কোথাও আবার জীবনের গভীর কষ্ট।

গাজীপুরের ১০ বছর বয়সী শিশু রাফা লিখেছে একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নের কথা। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের এক দিনমজুর সিন্ডিকেটের কারণে গরুর মাংস কিনে খেতে না পারার বেদনা তুলে ধরেছেন। কুমিল্লা ও চট্টগ্রামের ভোটাররা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং কর্মস্থল থেকে ছুটি নিয়ে ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন।

বরিশাল থেকে শিক্ষক সাদিক শিক্ষকদের মানোন্নয়নের দাবি জানিয়েছেন। পিরোজপুরের একাধিক মন্তব্যে উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান। দিনাজপুরের নারীরা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণ মামলার দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব মন্তব্য পড়ে “অত্যন্ত উচ্ছ্বসিত” হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জনগণের অকৃত্রিম ভালোবাসা ও সরাসরি মতামতকে তিনি “অমূল্য সম্পদ” হিসেবে অভিহিত করেছেন। এ কারণে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই প্রশংসা, পরামর্শ, সমালোচনা ও নিন্দাসহ সব মন্তব্য অবিকৃতভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন