Logo
Logo
×

জাতীয়

ইসির আমন্ত্রণেও পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারত-ফ্রান্সসহ ৯ দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

ইসির আমন্ত্রণেও পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারত-ফ্রান্সসহ ৯ দেশ

বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণ সত্ত্বেও ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ মোট আটটি দেশ এবং দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না।

নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এসব দেশ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা **ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ)** থেকেও কোনো উত্তর আসেনি।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এই আটটি দেশ ও একটি সংস্থা পর্যবেক্ষক পাঠাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বাস্তবতা হলো— সময় প্রায় শেষ। হাতে আছে আর মাত্র দু’দিন। তারা আর পর্যবেক্ষক পাঠাবে বলেও মনে হয় না।

তবে এসব দেশের অনুপস্থিতির মধ্যেও নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক উপস্থিতি থাকছে উল্লেখযোগ্য। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসছেন।

এর মধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় ৬০ জন বিদেশি অতিথি। ইতোমধ্যে তাদের কেউ কেউ ঢাকায় পৌঁছেছেন, বাকিরা শিগগিরই আসবেন। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার একটি হোটেলে সরকারি ব্যবস্থাপনায় তাদের জন্য আবাসন ও আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে।

ইসির আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এ ছাড়া তুরস্ক থেকে ৬ জন সংসদ সদস্যসহ ১০ সদস্যের একটি পর্যবেক্ষক দল এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে ৫ জন করে প্রতিনিধি দল আসছে। ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানের নির্বাচন কমিশনের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলো থেকে আসছেন প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক রয়েছেন ২২৩ জন। এ ছাড়া কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন।

এদিকে নির্বাচন কাভার করতে বাংলাদেশে আসছেন প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক। তাদের মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে ৪৮ জন, আল জাজিরা থেকে ৭ জন সাংবাদিক রয়েছেন। পাশাপাশি বিবিসি নিউজ, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এবিসি অস্ট্রেলিয়া, ডয়চে ভেলে, জাপানের এনএইচকে এবং স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন।

সরকারি আরেকটি সূত্র জানিয়েছে, ভুটান, মালদ্বীপ, নেপাল, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াও নির্বাচনী পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাচ্ছে।

এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন জানিয়েছে, ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে কাজ শুরু করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন