Logo
Logo
×

জাতীয়

নির্বাচনী ছুটিতে বাড়ি ফেরার ঢল

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, বাসভাড়া দ্বিগুণ-তিনগুণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, বাসভাড়া দ্বিগুণ-তিনগুণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিল্পাঞ্চলে আজ থেকে শুরু হওয়া ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত যাত্রী দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। কলেজগেট ও গাজীপুরা এলাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।

যাত্রীরা অভিযোগ করেছেন, আন্তঃজেলা ও অন্তঃজেলার অনেক বাস স্বাভাবিক রুট ছেড়ে বাড়তি আয়ের আশায় একাধিক ট্রিপ মারছে। এতে নির্দিষ্ট গন্তব্যের যাত্রীরা সময়মতো বাস পাচ্ছেন না, আর দুর্ভোগ আরও বেড়েছে।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে সাধারণত বাসভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে আজ ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাকে উঠছেন। ট্রাকে জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।

ময়মনসিংহগামী যাত্রী আলমগীর হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সাধারণত ২৫০ টাকা লাগে। আজ সকালে বাসে উঠতে গিয়ে ৬০০ টাকা চেয়েছে। উপায় না থাকায় দিতে হয়েছে। এত ভোগান্তি আগের ঈদেও দেখিনি।

গার্মেন্টকর্মী রাবেয়া খাতুন বলেন, ভোটের জন্য ছুটি দিয়েছে, কিন্তু বাসই তো পাচ্ছি না। সকাল থেকে দাঁড়িয়ে আছি। এখন মনে হচ্ছে ট্রাকে উঠতে হবে। সেখানেও ৪০০ টাকা নিচ্ছে। বাস কম, যাত্রী বেশি—এই সুযোগে সবাই ভাড়া বাড়াচ্ছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকার সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে। সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচন দিবস ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে, যা আগেই নির্ধারিত ছিল।

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন