শিরোনাম: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে প্রথমে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে গিয়ে আলোচনায় অংশ নেন।
বৈঠক শেষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর সুযোগ খুঁজছে বাংলাদেশ। এ বিষয়ে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুই দেশের মধ্যে একটি বাণিজ্যচুক্তি সই হতে পারে।
গত মাসে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন সুযোগ সৃষ্টির পথ খুলেছে।
ওয়াশিংটন সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্কহার কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সম্মত হন। একই সঙ্গে রপ্তানি খাতকে সহায়তা করতে উভয়পক্ষ একটি উদ্ভাবনী সমাধানের বিষয়ে একমত হয়েছে বলেও জানানো হয়।



