দেশে পৌঁছেছে প্রবাসীদের পাঠানো ৪ লাখের বেশি পোস্টাল ব্যালট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মোট ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট দেশে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ইতোমধ্যে ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোট দিয়েছেন। ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন ব্যালট ডাক বিভাগে জমা দিয়েছেন, যার মধ্যে রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।



