৯ম পে-স্কেলের বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে দেওয়া ব্যারিকেড অতিক্রম করে সরকারি চাকরিজীবীরা যমুনার সামনে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় হইচই ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে টিয়ারগ্যাস নিক্ষেপের পরও অনেক আন্দোলনকারী ঘটনাস্থল ছাড়েননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আন্দোলনকারীরা বলেন, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দিয়েও দাবি বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে রওনা দিলে পথে পুলিশের বাধা, ব্যারিকেড এবং জলকামান থেকে পানি নিক্ষেপের ঘটনা ঘটে।
উল্লেখ্য, দাবি আদায়ে এর আগে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সেই কর্মবিরতি চার ঘণ্টায় বাড়ানো হয়। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবেই আজ যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।
সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও কঠোর করার প্রস্তুতি রয়েছে।



