হাদি হত্যার তদন্তে ওএইচসিএইচআরকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-কে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই প্রস্তাব পাঠানো হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
এর আগে একই দিন দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতারা ও নিহতের পরিবার।
কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তারা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার সরাসরি আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।



