রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে। মামলার রায় ঘোষণার জন্য আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অপরদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে অংশ নেন।
মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী রামিসা রাজধানীর পল্লবীর সেকশন-১১ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাস করতেন আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন।
২০২৬ সালের ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় স্বপ্না খাতুনকেও পুলিশ হেফাজতে নেয়।
পরে নিহত শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হয়।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গত ৭ জুন মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একইসঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আদালত জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারের কাছে দেওয়ার নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দুই আসামি জেল আপিল দায়ের করেন। সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হওয়ায় এখন রায়ের অপেক্ষায় রয়েছে মামলার সংশ্লিষ্ট পক্ষগুলো।



