মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
নেত্রকোনার মদন উপজেলায় এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সহআসামি মাইমন ওরফে মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে আদালত ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকন্যার ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রকে বহনের নির্দেশ দেন। পাশাপাশি শিশুটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন। পরবর্তী সময়েও একাধিকবার নির্যাতনের অভিযোগ ওঠে।
পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে তার মা চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, সে অন্তঃসত্ত্বা। এরপর ২০২৬ সালের এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। আদালতে জন্মসনদ, চিকিৎসাসংক্রান্ত নথি এবং সেফ হোমের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন দলিল জমা দেওয়া হয়।
মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। আদালতের নির্দেশে ভুক্তভোগী, নবজাতক এবং অভিযুক্তের নমুনা পরীক্ষা করে নবজাতকের জৈবিক পিতা হিসেবে আমানুল্লাহ মাহমুদীর সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে থাকা একজন ব্যক্তি তার সামাজিক অবস্থান ও কর্তৃত্বের অপব্যবহার করে একটি অসহায় শিশুর ওপর গুরুতর অপরাধ করেছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।
আদালত আরও উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।



