জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন অবশেষে জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ চাকরি ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে তার চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। তার আবেদন গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও তার আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন-ভাতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াইয়ের পর দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন। তার পুনর্বহালের ক্ষেত্রে সর্বশেষ আইনি বাধা দূর হয় গত ২৯ অক্টোবর। হাইকোর্টের দেয়া পুনর্বহালের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায় বহাল থাকে।
এদিন শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। পরবর্তী সময়ে সংস্থাটি সেই আবেদন প্রত্যাহারের জন্য আবেদন করে। ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথ সুগম হয় এবং জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ পুনর্বহালে আর কোনো বাধা থাকে না।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি চাকরিতে পুনর্বহাল এবং অপসারণের ক্ষেত্রে প্রয়োগ করা বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে আদেশটি শুরু থেকেই বাতিল করে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল করে দুদক। পরবর্তী সময়ে সংস্থাটি আর আবেদনটি পরিচালনা করতে আগ্রহী ছিল না। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টি ওঠে। ওই দিন দুদকের পক্ষে উপস্থিত আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড আদালতকে জানান, দেওয়ানি লিভ টু আপিলটি পরিচালনা না করার নির্দেশনা পেয়েছেন তিনি। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‘নট টু প্রসিড’ বা আবেদনটি আর পরিচালনা না করার কারণে লিভ টু আপিল খারিজ করা হয়। পরে ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুরের মধ্য দিয়ে এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের ঘটনা ২০২২ সালে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৬ জুন তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।
দুদকের চাকরি থেকে অপসারণের আদেশে বলা হয়েছিল, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে দেওয়া ক্ষমতাবলে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ওই বিধি অনুযায়ী, তিনি ৯০ দিনের বেতন ও প্রযোজ্য সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত মেনে না নিয়ে তিনি আইনি লড়াই শুরু করেন।
২০২২ সালের ১৩ মার্চ ওই বিধির বৈধতা এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। এর আগে একই বিধির অধীনে দুদকের আরেক কর্মকর্তা মো. আহসান আলীকে চাকরিচ্যুত করার ঘটনায় বিধি ৫৪(২) বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল আপিল বিভাগে বিচারাধীন থাকায় ২০২২ সালের ২৫ মে শরীফ উদ্দিনের রিটের শুনানি মুলতবি করেন হাইকোর্ট।
পরে ওই আদেশ স্থগিত চেয়ে ২০২২ সালের ১৬ জুন আপিল বিভাগে লিভ টু আপিল করেন শরীফ উদ্দিন। আহসান আলীর মামলায় বিধি ৫৪(২) বাতিলের বিরুদ্ধে দুদকের আপিলের সঙ্গে তার আবেদনও শুনানির জন্য ওঠে। ২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের আপিল মঞ্জুর করে হাইকোর্টের আগের রায় বাতিল করেন। একই সঙ্গে শরীফ উদ্দিনের করা লিভ টু আপিলকে প্রয়োজনের অতিরিক্ত বলে উল্লেখ করা হয়।
২০২৩ সালের ২১ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই রায়ে দুদকের কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধি প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। এ বিধি প্রয়োগের বিষয়ে কমিশনকে ১২ দফা পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।
এরপর শরীফ উদ্দিনের করা রিটের শুনানি আবারও হাইকোর্টে শুরু হয়। প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি আদালত রুল জারি করেন। পরবর্তী সময়ে চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই দেওয়া রায়ে আদালত তার অপসারণের আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং শুরু থেকেই তা বাতিল করেন। একই সঙ্গে পূর্ববর্তী জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।



