Logo
Logo
×

আইন-আদালত

নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ

থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (বর্তমান নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, অননুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সরকারি অর্থ সরিয়ে নেওয়া, বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা না এনে বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে শেয়ার হস্তান্তর, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা সরকারি ভাতার অব্যবহৃত অর্থ সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে ২৪ হাজারের বেশি ভুয়া উদ্যোক্তার ওয়ালেটে স্থানান্তর করা হয়। পরে তা ভুয়া ডিএসও ও অননুমোদিত ডিস্ট্রিবিউটরের ব্যাংক হিসাবের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।

প্রাথমিকভাবে ১ হাজার ৭০৬ কোটি টাকার আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। আত্মসাৎ করা অর্থ দিয়ে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের প্রায় ১৬ কোটি শেয়ার কেনা হয়েছে। দুদক জানিয়েছে, অভিযোগ সংশ্লিষ্টরা এসব শেয়ার বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন, যা বিদেশে অর্থ পাচারের ঝুঁকি তৈরি করছে।

রাষ্ট্রের আর্থিক ক্ষতি এড়াতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক বিধিমালা অনুযায়ী শেয়ারগুলো ফ্রিজ করার আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন