Logo
Logo
×

আইন-আদালত

কারাগারে সুযোগ-সুবিধা চেয়ে আদালতে বক্তব্য দিলেন পলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

কারাগারে সুযোগ-সুবিধা চেয়ে আদালতে বক্তব্য দিলেন পলক

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে নিজের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে হাজির হলে শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে বর্তমানে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন।

পলক আদালতের উদ্দেশে বলেন, “ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক আমাকে হেলমেট না পরার নির্দেশ দিয়েছেন। আমার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে। ৯৯ দিন রিমান্ডে ছিলাম। বর্তমানে তিনটি মামলার বিচার চলছে। আইসিটি ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।” তিনি আরও জানান, ১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পান। আইনজীবীদের সঙ্গে প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে বিশেষভাবে কথা বলার অনুমতি চান।

এদিন জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এ মামলায় কারাগারে আটক পলকসহ অন্যান্য আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ সুবিধা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জন আসামি রয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হন। নিহতের স্ত্রী রীনা বেগম একই বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন