শাপলা চত্বরে হত্যাযজ্ঞে ৬১ জন নিহতের তথ্য, ২১ জুলাই চার্জ দাখিলের প্রস্তুতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই মামলার ফরমাল চার্জ দাখিল করা হবে। প্রসিকিউটর বলেন, “আমরা চাই কোনো আসামি বাদ না থাকে এবং নির্দোষ কাউকে যেন আসামি করা না হয়।”
ব্রিফিংয়ে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হলেও রাষ্ট্রীয়ভাবে লাশ গুম করার কারণে অনেক তথ্য পাওয়া যায়নি। তাদের সংরক্ষিত তথ্যানুযায়ী নিহত ৬১ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
এর আগে সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ ও র্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও আসামি করা হয়েছে।



