Logo
Logo
×

আইন-আদালত

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি সাজা পরোয়ানা মূলে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

এর আগে, গত ৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলায় শহিদ আবু সাঈদ হত্যার দায়ে ট্রাইব্যুনাল-২ মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। ওই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় স্থানীয়রা তার অবস্থান শনাক্ত করে আটক রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নেয়। আজ আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার এই হত্যাকাণ্ড ছাত্র-জনতার আন্দোলনকে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন