মানবতাবিরোধী অপরাধ মামলায় এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:২৩ পিএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তার জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে আপিল বিভাগও সেই রায় বহাল রাখে। তবে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আগের রায় বাতিল করে তাকে খালাস দেয়। অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।
এটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে প্রথম খালাসের ঘটনা।
আজহারুল ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে তার মুক্তির পথ সুগম হলো।



