নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বুধবার শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।
এদিকে আরও পাঁচ মামলায় আইভীর জামিন আবেদনের ওপর আদেশ আগামী রোববার (৩ মে) দেবেন আপিল বিভাগ। গত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগ তা স্থগিত করে। এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ফতুল্লা থানায় করা চারটি হত্যা মামলা— বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা— এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠায়। এর মধ্যেই আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।



