Logo
Logo
×

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থান মামলায় জয়-পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

জুলাই গণঅভ্যুত্থান মামলায় জয়-পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আজ (রোববার, ১৯ এপ্রিল) সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। এ সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন। নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করা হয়নি।

আজকের কার্যক্রমে প্রথমে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বিটিআরসি কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। এরপর বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

মামলায় অভিযুক্ত দুইজনের মধ্যে জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। তার পক্ষে রাষ্ট্র থেকে আইনজীবী মনজুর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। এতে অন্তত ২৮ জন নিহত হন। এছাড়া উত্তরা এলাকায় ৩৪ জনকে হত্যার অভিযোগও রয়েছে।

গত বছরের ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। চলতি বছরের ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। আজকের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই আলোচিত মামলার বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগোবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন