ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলায় ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের দেওয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকা ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৫ সালের ১৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পূরক চার্জশিট জমা দেন। এতে আগের অভিযোগপত্রে থাকা ২১ জনসহ মোট ২৮ জনকে অভিযুক্ত করা হয়।
চার্জশিটে আসামিদের মধ্যে দুজন জামিনে, চারজন কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন। আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জলকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ মামলা দায়ের করেন।
প্রথম তদন্তে ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিয়ে আপত্তি জানায়। এরপর আদালতের নির্দেশে পিবিআই পুনরায় তদন্ত করে নতুন করে আরও সাতজনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করে।



