ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যু
বিএনপির দুই প্রার্থীর লিভ টু আপিল শুনানি হবে নির্বাচনের পর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপির দুই প্রার্থীর প্রার্থিতার বৈধতা নিয়ে আপিল বিভাগে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের পর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য মামলাগুলো তালিকাভুক্ত থাকলেও আদালত ‘নট টুডে’ আদেশ দেন।
এই দুই প্রার্থী হলেন ঢাকা-১১ আসনের এম এ কাইয়ুম এবং বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম। তবে কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব তিনটি আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
ঢাকা-১১ আসনের প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ২ ফেব্রুয়ারি রিট করেন নাহিদ ইসলাম। শুনানি শেষে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগে লিভ টু আপিল করেন নাহিদ ইসলাম। আবেদনে দাবি করা হয়, এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক।
অন্যদিকে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগে একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করলেও পরবর্তীতে তারা তা প্রত্যাহার করে নেন। এরপর ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন হাইকোর্টে রিট করেন, যা খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
কুমিল্লা-৩ আসনের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জামায়াত প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন আবেদন খারিজ করলে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করলে আপিল বিভাগে করা লিভ টু আপিলও মঙ্গলবার খারিজ হয়ে যায়।
মঙ্গলবার বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও রুহুল কুদ্দুস কাজল। আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং ব্যারিস্টার শাহ নেওয়াজ।
এর আগে ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে নির্বাচনে জয়ী হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির দুই প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত থাকবে। তারা হলেন চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর।
এ ছাড়া কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া এবং শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরীর প্রার্থিতার বৈধতা আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এই চারজনের বিরুদ্ধেই লিভ টু আপিল মঞ্জুর হয়ে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আপিল বিভাগ।



