চট্টগ্রাম-৪ আসনে নির্বাচন করতে পারবেন আসলাম চৌধুরী, ফল প্রকাশে স্থগিতাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তার মনোনয়নসংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আপিল বিভাগ এ নির্দেশনা দেন।
শুনানিকালে আসলাম চৌধুরীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংকের করা আপিল আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি শুরু হয়।



