আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে ওই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
ইসির এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে আবেদন করলেও সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায়।



