Logo
Logo
×

বিনোদন

দীর্ঘদিন পর সুস্থ হয়ে গানে ফিরছেন সাবিনা ইয়াসমীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম

দীর্ঘদিন পর সুস্থ হয়ে গানে ফিরছেন সাবিনা ইয়াসমীন

ছবি : সংগৃহীত

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর তাকে আর মঞ্চে দেখা যায়নি। তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়লে এক পর্যায়ে অডিও বার্তা দিতে বাধ্য হন এই বরেণ্য শিল্পী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সাবিনা ইয়াসমীন জানান, গত বছরের ৭ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন। এসব তথ্য কেবল কাছের মানুষেরাই জানতেন। তার ভাষায়, 'এটা ছিল কঠিন এক যুদ্ধ। তবে মনোবল ছিল শক্ত।'

চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলোআপ করাতে একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে। আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না, জানালেন তিনি।

সাবিনা বলেন, 'চিকিৎসাটা ছিল কঠিন এক পরীক্ষা। জীবনযুদ্ধও বলা যায়। মনে হচ্ছিল, আল্লাহ যা চাইবেন তাই হবে। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া ছিল। মনে জোর ছিল, আমি এটা কাটিয়ে উঠব। কারণ ভালো মানের ট্রিটমেন্ট পাচ্ছিলাম। সেই চারটি মাস জীবনের সবচেয়ে কঠিন সময়। আমার বন্ধু, ছোট বোন, যাই বলি না কেন, মিলিয়া সাবেদের আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ ছিলাম। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরো সময় ওর বাসায় ছিলাম। ওর মানসিক সাপোর্ট, সাহস ও অনুপ্রেরণা আমাকে অবাক করেছে। তার ঋণ শোধ করতে পারব না।’

সাবিনা আরও বলেন, 'অনেক ভক্ত আমার জন্য চিন্তিত ছিলেন। তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তাদের দোয়া ও ভালোবাসা আমি মাথায় তুলে রাখছি। আমি যেন তাদের আশা পূরণ করতে পারি। তারাই আমার আসল শক্তি, সাহস, প্রেরণা।’

৩১ জানুয়ারি ও আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গাইবেন সাবিনা ইয়াসমীন। এরপর চট্টগ্রামেও স্টেজ শো করবেন। প্রথম অনুষ্ঠানে নিজের পছন্দের গান যেমন শোনাবেন, তেমনি উপস্থিত শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন।

তিনি বলেন, 'আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক ধরে গান করছি। গান ছাড়া আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুব ভালো লাগছে।' সাবিনা জানান, কয়েকজন সংগীত পরিচালক নতুন গানের রেকর্ডিংয়ের ব্যাপারে যোগাযোগ করেছেন। স্টেজ শোর ফাঁকে নতুন গানের রেকর্ডিংও করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন। তার মতে, মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালাই করে নেওয়া।

১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সংগীত জীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি।

সাবিনা ইয়াসমীন বলেন, 'আমার রেওয়াজ সবসময় চলে। সিঙ্গাপুরে মিলিয়ার বাসায়ও নিয়মিত রেওয়াজ করতাম। রেওয়াজ আমার অভ্যাস বলা যায়। এখনো প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা রেওয়াজ করি। সাধারণত সকালে করি, কাজ থাকলে অন্য সময়ে করি।'

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমীন। তখন তার বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা। দীর্ঘ সংগীতজীবনে এটিই তার একমাত্র সুর ও সংগীত পরিচালনা।

ছবিটি নিয়ে একটি আফসোস রয়েছে, ‘কবরী বেঁচে থাকলে এত দিনে ছবিটি মুক্তি পেয়ে যেত। কিন্তু ওর মৃত্যুতে ছবিটির কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ছবিটি এত দূর এগিয়েছে, আরেকটু কাজ হলেই পুরো কাজ শেষ হয়ে যেত। জানি না, এখন কীভাবে শেষ হবে। আমার সুর-সংগীতে কোনাল ও ইমরানকে দিয়ে গান করিয়েছিলাম।‘

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন