Logo
Logo
×

বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

আবেদনে বলা হয়, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও বিবাদী আদালতে হাজির হননি। তার এ আচরণ আদালত অবমাননার শামিল। এ ছাড়া মামলা দায়েরের পরও বিবাদী বাদীর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের কটূক্তি অব্যাহত রেখেছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা একান্ত প্রয়োজন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, ‘আজ বিবাদীর আদালতে হাজির হওয়ার দিন ছিল। এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ রিসিভ করেছেন। কিন্তু বিবাদী আজ আদালতে আসেননি। এজন্য আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি।’

তিনি আরও বলেন, ‘আজ বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন।’

এদিন মামলার বাদী আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ

গত বছরের ২৭ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন ফ্যাশন উদ্যোক্তা সানায়া চৌধুরী। মামলায় অভিযোগ করা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। তবে শাড়িটি পরে আর ফেরত দেননি তিনি।

মামলাটির তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পিবিআইয়ের ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী সানায়া। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গত ২৫ অক্টোবর তার আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি নতুন করে তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দেন।

মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে নতুন মামলা

পুরোনো মামলার এক দিন পর, অর্থাৎ গত ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগে নতুন একটি মামলা করেন সানায়া চৌধুরী।

নতুন মামলার অভিযোগে বলা হয়, আগের মামলা দায়েরের পর বিভিন্ন সময়ে তানজিন তিশা তাকে মামলা প্রত্যাহার করতে হুমকি দিয়েছেন। এমনকি তার পল্লবীর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সানায়ার দাবি, তানজিন তিশার হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা করেন তিনি।

এই মামলাতেই এবার তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী। আগামী ১৪ ডিসেম্বর এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন