বক্স অফিসে তুমুল সাড়া ফেলে মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ৯০০ কোটি টাকার বেশি আয় করে নিয়েছে ‘রামায়ণ: রাইজ অফ এ লিজেন্ড’। পরিচালক নীতেশ তিওয়ারি পরিচালিত বিগ বাজেটের এই সিনেমাটি গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দুর্দান্ত ব্যবসা করছে। ভাইফোটার উৎসবের মরসুমে ছবিটির ব্যবসায় বড় ধরনের জোয়ার দেখা গেছে এবং দেশের মাটিতে এর নেট কালেকশন ইতোমধ্যেই ৫০০ কোটির গণ্ডি পার করেছে।
বক্স অফিসের হিসাব প্রকাশকারী সংস্থা সাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম সাত দিনে ভারতে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৬১১.০৫ কোটি টাকা। এর বাইরে বিদেশের বাজার থেকে এসেছে আরও ৩২৩.৫০ কোটি টাকা, যার মধ্যে কেবল সপ্তম দিনেই আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে ২৫ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস কালেকশন এখন ৯৩৪.৫৫ কোটি টাকা। যার ফলে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে এই প্রজেক্ট।
মুক্তির পর প্রথম সপ্তাহে ছবিটির দৈনিক আয়ে কিছু ওঠানামা লক্ষ্য করা গেছে। গত বৃহস্পতিবার প্রথম দিন ছবিটির নেট আয় ছিল ৬৪.৮৫ কোটি টাকা এবং শুক্রবার দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ৪৮.০৫ কোটি টাকা। তবে সপ্তাহান্তে শনি ও রবিবারে ছবিটির ব্যবসা ফের চাঙ্গা হয়ে ওঠে। তৃতীয় দিনে ৬৯.৮০ কোটি টাকা এবং চতুর্থ দিনে ৫৬.১৫ কোটি টাকা আয় করে সিনেমাটি। এরপর সোমবার কাজের দিন হুট করেই ছবিটির ব্যবসা প্রায় ৯১.৫ শতাংশ বৃদ্ধি পায় এবং পঞ্চম দিনে আয় পৌঁছে যায় ১০৭.৫০ কোটি টাকায়।
ভাইফোঁটার দিন মঙ্গলবারও বক্স অফিসে এই ঝোড়ো গতি অব্যাহত ছিল। ষষ্ঠ দিনে ছবিটি ৯৪.১০ কোটি টাকা নেট আয় করে, যেখানে দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। ভাইফোটার ছুটি শেষ হওয়ার পরও বুধবার ছবিটির আয়ে খুব একটা ধস নামেনি। দেশের ২৪ হাজার ২৩৯টি শো থেকে সেদিন ৭০.৬৫ কোটি টাকা নেট আয় হয়, যা আগের দিনের তুলনায় মাত্র ২৪.৯ শতাংশ কম। এর সুবাদেই মাত্র সাত দিনের মাথায় ভারতের বাজারে ছবিটির মোট নেট কালেকশন ৫১১.১০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে।
মুক্তির পর প্রথম সাত দিনে সিনেমাটির প্রায় ১.৯৭ কোটি টিকিট বিক্রি হয়েছে এবং দেশজুড়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৪৭৬টি শো পরিচালিত হয়েছে। যেভাবে ছবিটির টিকিট বিক্রি হচ্ছে, তাতে দ্বিতীয় সপ্তাহের ছুটির দিনগুলো শুরু হওয়ার আগেই বিশ্বজুড়ে এক হাজার কোটি টাকার ক্লাবে এটি প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এই সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং দেবী সীতার ভূমিকায় দেখা গেছে সাই পল্লবীকে। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে এবং লঙ্কাধিপতি রাবণের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা যশ।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটির সিক্যুয়েল মুক্তি পাবে আগামী ২০২৮ সালের দীপাবলিতে, যেখানে ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। আর এই সিক্যুয়েলের একটি বিশেষ ঝলক প্রথম ছবির পোস্ট ক্রেডিট দৃশ্যেই দর্শকদের সামনে আনা হয়েছিল।
সূত্র: নিউজ১৮



