শাড়িকাণ্ডের পর এবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা করলেন সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে এ মামলা করেছেন সানায়া আনাম। তিনি ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়।
এ আইনজীবী বলেন, এর আগে বাদীর পক্ষে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি কোনো উত্তর দেননি। এমনকি ফেসবুক থেকে ছবি সরাননি। ফলে আজ মানহানির মামলা করা হয়েছে।
আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করেছেন এবং তার জবানবন্দি রেকর্ড করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে পিবিআইকে তদন্ত প্র্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
মামলার আবেদনে বলা হয়েছে, তানজিন তিশার বিরুদ্ধে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদীর করা দুটি পৃথক মামলা বর্তমানে চলমান।
এছাড়া মামলা দায়েরের পর আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ থেকে গত ২৭ অক্টোবর বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। দেশের গণমাধ্যমে বাদীর বিরুদ্ধে নানা তথ্য ভুলভাবে তুলে ধরেছেন। আবার গত বছরের ৭ নভেম্বর তিনি মেসেঞ্জার থেকে বাদীকে ফোন দিয়ে ভাইরাল করার হুমকিও দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। বাদীকে হুমকি দিয়ে তিনি বলেন, ফেমাস হতে চাইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দেবনে।
অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তিনি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নানা ধরনের আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেসবুকে পোস্ট করে সম্মানহানি করেন। এমনকি দু’জন নাবালক শিশুর ছবিও প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
এসব গত ২৭ অক্টোবর রাতে বাদীর নজরে পড়লে আইনজীবীর মাধ্যমে পরদিন রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয় তানজিন তিশার কাছে। কিন্তু নোটিশপ্রাপ্তির দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হলেও সেসব তানজিন তিশা সরাননি বলে অভিযোগ করা হয়েছে মামলায়।



