গুলির সময় গাড়িতে থাকার কথা থাকলেও ছিলাম স্টুডিওতে: আসিফ আকবর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম
আসিফ আকবর
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে শনিবার ভোরে গুলির ঘটনা ঘটে। সেসময় তিনি গাড়িতে না থাকলেও আসিফ আকবর মনে করছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছিল।
এ বিষয়ে কথা বলেছেন এই সংগীতশিল্পী।
আসিফ আকবর বলেন, আমার যেমন সমর্থক আছেন, তেমনি বিরোধীর সংখ্যাও কম নয়। হত্যার উদ্দেশ্যেই আজ আমার গাড়িতে গুলি করা হয়েছে।
আজ ভোররাত ৪টার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
আসিফ আকবর আরও বলেন, কয়েক মাস ধরেই ঝামেলার আশঙ্কা করছিলাম। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। গত ৪০ দিন ধরে আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ।
তিনি বলেন, কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম। তবে এখন শুধু গান নিয়েই থাকতে চাই।
এই সংগীতশিল্পী বলেন, আমাদের ধারণা, হামলাকারীরা কয়েক দিন ধরে আমার গতিবিধি পর্যবেক্ষণ করেছিল। কারণ, ঘটনার সময় আমার গাড়িতে থাকার কথা থাকলেও ছিলাম স্টুডিওতে। সেখান থেকেই সিসিটিভি ফুটেজে গাড়ির সামনে কিছু একটা ঘটতে দেখি। পরে নিচে নেমে গুলির ঘটনা বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি।
এ ঘটনায় হাতিরঝিল থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) সাইফুল ইসলাম বলেন, আসিফ আকবর এখনো কোনো অভিযোগ করেননি। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গেছেন। পুলিশ এ ঘটনায় কাজ করছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে একজনকে গুলি ছুড়তে দেখা গেছে। তবে তার চেহারা স্পষ্ট নয়। রোববার আশপাশের সড়কগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে।



