বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অক্ষত রয়েছেন অভিনেতা, তবে আহত হয়েছেন তার গাড়িচালক। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় তার গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অনিল পন্ডিত নামে পরিচয় দেয়া এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন। তার দাবি, টাইগার শ্রফ তাদের ‘হিট লিস্টে’ রয়েছেন, কারণ তিনি ‘তাদের নির্দেশ মানছিলেন না’ এবং ‘সালমান খানের সঙ্গে কাজ করছিলেন’। গুজরাটের কারাগারে বন্দি বিষ্ণোই ইতোপূর্বে একাধিকবার বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন।
টাইগার শ্রফ এবং সালমান খান একসঙ্গে কোনও সিনেমায় অভিনয় না করলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। শোনা যায়, টাইগার শ্রফকে সিনেমায় সুযোগ দেয়ার জন্য বন্ধু ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে পরামর্শ দিয়েছিলেন সালমান। এ ছাড়া টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ একাধিক সিনেমায় সালমান খানের সঙ্গে কাজ করেছেন।
ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপে এক ব্যক্তিকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমি অনিল পন্ডিত। লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাইয়ের মতো। আজ টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছে, তার দায়িত্ব আমরা—হরমন সান্ধু এবং আমি নিচ্ছি।’
ওই ব্যক্তি দাবি করেন যে, টাইগার শ্রফকে ‘বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি আমাদের কথা বোঝেননি’।
তিনি আরও বলেন, ‘পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের সঙ্গে না থেকে যে বা যারা কাজ করবে, কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবে, তাদের হত্যা করা হবে। এটি প্রথম ও শেষ সতর্কবার্তা।’
প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার দুই বছর পরই টাইগার শ্রফের ওপর এই হামলার ঘটনা ঘটল।



