অমিতাভ বচ্চন ও অপু বিশ্বাস।
দুজনেই ‘এবি’। দুজনেই সিনেমার মানুষ। তবে মাঝের পার্থক্য বিশাল। একজন বলিউডের শাহেনশাহ, অন্যজন ঢাকাই সিনেমার অভিনেত্রী। একজনের খ্যাতি দুনিয়াজোড়া, অন্যজনের খ্যাতি বাংলাদেশে। তবে জন্মতারিখে তারা যেন একই বিন্দুতে মিলে আছেন।
বলা হচ্ছে, বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ও ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের কথা। দুজনেরই নামের আদ্যক্ষর ‘এবি’। আর দুজনেরই জন্মদিন আজ, অর্থাৎ ১১ অক্টোবর।
স্বাভাবিকভাবেই প্রতি বছরের মতো এই দিনে ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন তারা। ভালোবাসা জানাচ্ছেন সতীর্থরাও। দিনভর চলবে এই ভালোবাসার বৃষ্টি।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয়েছে মধ্যরাতে, প্রথম প্রহরেই। ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটেছেন অভিনেত্রী। তাতে লেখা, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’
এছাড়া গতকাল একটি ভিডিও দিয়ে জন্মদিনের আগাম বার্তাও দিয়েছেন ‘কোটি টাকার কাবিন’ অভিনেত্রী। কেক হাতে ক্যামেরাবন্দী হয়েছেন। সাদাকালো আবহের সেই ভিডিওর সঙ্গে অপু লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
এদিকে জন্মদিনের সকালেই এক্স-এ বার্তা দিয়েছেন অমিতাভ বচ্চন। নন্দিত এই তারকা লিখেছেন, ‘সকাল হয়ে গেলো। এই যে আমি, তোমাদের পাশেই আছি।’
জীবনের ৮৪ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। ১৯৪২ সালের আজকের দিনে ভারতের এলাহাবাদে জন্ম নেন তিনি। তার বাবা ছিলেন কবি হরিবংশ রাই বচ্চন, মা সমাজকর্মী তেজি বচ্চন। অমিতাভের আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। তবে বাবার পরামর্শে মায়ের বচ্চন পদবী যুক্ত করেন নামে। সেই থেকে তিনি অমিতাভ বচ্চন।
১৯৬০-এর দশকে অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দেন অমিতাভ বচ্চন। তবে সুযোগ পাননি। পরে ১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ সিনেমায় ভয়েস ন্যারেটর হিসেবে তার সিনেমা যাত্রা শুরু হয়। তবে প্রথম অভিনয় একই বছরের ‘সাত হিন্দুস্তানি’ সিনেমায়। সেই থেকে এ অব্দি দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বচ্চন। তার কালজয়ী কিছু সিনেমার মধ্যে রয়েছে ‘শোলে’, ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘ত্রিশূল’, ‘ডন’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘দোস্তানা’, ‘কুলি’, ‘মাজবুর’, ‘চুপকে চুপকে’, ‘সিলসিলা’, ‘কাভি কাভি’, ‘শাহেনশাহ’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বীর-জারা’, ‘খাকি’, ‘কাভি আলবিদা না কেহনা’ ইত্যাদি। এছাড়া একবিংশ শতকেও তার অনেক নন্দিত সিনেমা রয়েছে।
ভারতের জাতীয় পুরস্কারে সর্বোচ্চ চারবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতার রেকর্ড তার। এছাড়াও পেয়েছেন ১৬টি ফিল্মফেয়ার। পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী, পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।
অন্যদিকে অপু বিশ্বাসেরও নামটি আসল নয়, তার আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের আজকের দিনে বগুড়ায় জন্ম তার। বাবা-মায়ের উৎসাহে ছোটবেলায় নৃত্য শিখেছিলেন। সেই সুবাদে আসেন অভিনয়ে। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তার।
পরের বছর এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ দিয়েই তারকা খ্যাতি পান অপু। সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘জান আমার জান’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘কোটি টাকার প্রেম’ ইত্যাদি।
অভিনয়ের জন্য উল্লেখযোগ্য কোনো পুরস্কার পাননি অপু বিশ্বাস। তবে দর্শকের কাছে ভালোবাসা ও পরিচিতি পেয়েছেন ঢের। বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিগত ব্যবসা ও পরিবার নিয়েই বেশি ব্যস্ত এ অভিনেত্রী।



