Logo
Logo
×

বিনোদন

জীবনে নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম

জীবনে নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাতেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন।

নিজের নতুন পেশাগত যাত্রার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। তিনি জানান, ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের অভিজ্ঞতার পর নতুন এই অধ্যায়ে পা রাখছেন। এর মধ্যে ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন তিনি। মিথিলা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

প্রকল্পটি প্রারম্ভিক শৈশব বিকাশ,পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রকল্পটিতে অবদান রাখার প্রত্যাশা করছেন মিথিলা। স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করা এবং তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার কাজ করবেন তিনি।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও শিক্ষকতা শুরু করেছেন মিথিলা। সেখানে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াবেন তিনি। শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়াও তার পাঠদানের অন্যতম লক্ষ্য।

নতুন এই পেশাগত যাত্রায় ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। একই সঙ্গে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো এবং গবেষকদের সঙ্গে কাজের সুযোগকে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করার নতুন অধ্যায় হিসেবে দেখছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে মিথিলার। এবার গবেষণা ও শিক্ষকতার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সেই পেশাগত যাত্রায় যুক্ত হলো নতুন মাত্রা। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন