নিজ বাড়ি থেকে পাঞ্জাবি গায়কের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঞ্জাবি গায়ক ও গীতিকার বলজিৎ সিংয়ের মরদেহ। ৩৫ বছর বয়সী এই গায়কের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাঞ্জাবের লুধিয়ানার সুদহার পট্টি ধালিওয়াল গ্রামে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বলজিৎ সিংকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিছানার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহে পচন ধরেছিল। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারের প্রায় চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দারা কয়েক দিন ধরে বলজিৎ সিংয়ের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন। পরে দুর্গন্ধ আরও বেড়ে গেলে তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করেঘটনাস্থলে মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে। তবে ওই রক্তের উৎস এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
এদিকে বলজিৎ সিংয়ের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তার বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগের কয়েক দিনে তার বাড়িতে কেউ এসেছিল কি না বা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল ছিল কি না, তা শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা।
বলজিৎ সিংয়ের বোন পুলিশকে জানিয়েছেন, এর আগে তার ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। তার ধারণা, সম্ভবত আবারও হার্ট অ্যাটাক হয়ে তিনি পড়ে গিয়ে আঘাত পেতে পারেন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পরিবারের এই ধারণা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গায়কের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশ ঘটনার সবদিক খতিয়ে দেখছে।



