সিনেমার পর্দায় আবারও ভয়ংকর রূপে হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার মহাতারকা আল্লু আর্জুন। ‘জাওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলির পরিচালনায় আসন্ন সিনেমায় তার সঙ্গে পর্দা দেখা যাবে বলিউড তারকা দীপিকা পাডুকোনকে।
আল্লু অর্জুন ও অ্যাটলি প্রথমবারের মতো সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামায় কাজ করছেন। সিনেমার নাম রাখা হয়েছে ‘রাকা’। পৌরাণিক কাহিনির সঙ্গে সায়েন্স-ফিকশন মিশ্রণের এই সিনেমায় আল্লুকে দেখা যাবে তিনটি ভিন্ন চরিত্রে।
ভারতীয় বিনোদনমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে জনপ্রিয় তারকা আল্লু আর্জুনের এক চরিত্রে তাকে দেখা যাবে ঐশ্বরিক যোদ্ধা হিসেবে। আরেকটিতে খলচরিত্রের ভূমিকায় থাকবেন তিনি। তবে আকর্ষণের জন্য তৃতীয় চরিত্রটির বিস্তারিত গোপন রাখা হয়েছে সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
ভারতীয় পৌরাণিক যুগের প্রেক্ষাপটে একজন অন্তঃসত্ত্বা নারীর বিশেষ চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। এরই মধ্যে দীপিকার দৃশ্যগুলোর শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।
বক্স অফিস মাতানো ‘পুষ্পা’র পর আল্লুকে কীভাবে পর্দায় দেখা যাবে; তা নিয়ে দর্শকের মধ্যে ছিল বিস্তর কৌতূহল। সেই কৌতূহল কিছুটা হলেও মিটেছে রাকার পোস্টারের ফার্স্টলুক দেখে। চরিত্র খোলাসা না হলেও, বোঝা যায় আল্লু সিনেমাটিতে আরও ভয়ংকরভাবেই হাজির হবেন ।
আগামী বছর মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে রাশমিকা মান্দানাও যুক্ত হয়েছেন। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে আল্লু-রাশমিকার জুটি নজর কাড়ে দর্শকের। বিশেষ করে শ্রীভাল্লি চরিত্রে অনবদ্য অভিনয় করেন রাশমিকা।
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত শুটিংয়ের জন্য তৈরি হচ্ছে বিশাল এবং দৃষ্টিনন্দন এক সেট। খুব শিগগির সিনেমাটির প্রধান ধাপের কাজ শুরু হবে। যেখানে আল্লু ও রাশমিকা টানা শুটিং করবেন বলে জানা গেছে।
অ্যাটলির এই মেগা প্রজেক্টের বিশাল বহরে আরও রয়েছেন ম্রুণাল ঠাকুর, রাম্যা কৃষ্ণন, যোগী বাবু এবং জিম সর্ব। এ ছাড়া বিজয় সেতুপতি এবং শাহরুখ খানের সম্ভাব্য উপস্থিতি নিয়ে জোর গুঞ্জন থাকলেও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গত এপ্রিলে আল্লু আর্জুনের ‘রাকা’র টিজার পোস্টার প্রকাশের পর থেকেই উন্মাদনা দেখা দিয়েছে। অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন এই বিশাল বাজেটের নতুন সায়েন্স-ফিকশন ছবিটি উপভোগের জন্য।



