অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার প্রেমিক কারাগারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাসিবুর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন।
তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীর আবেদন অনুযায়ী ১৮ আগস্ট জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি। আদালত তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
ওসি মাজহারুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, গতকাল সকালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।
পুলিশ জানিয়েছে, রিধির পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধি আত্মহত্যা করেন।
এ ঘটনায় রিধিকা রিধির মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন।



