ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, জানালেন মা হওয়ার খবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
বিনোদন অঙ্গনের অন্যতম পরিচিত মুখ মৌসুমী হামিদ। তার অভিনয় বরাবরই দর্শককে মুগ্ধ করে। আর এবার তিনি মা হওয়ার বিষয়টি সামনে এনে নতুনভাবে আলোচনায়। এমনকি জানালেন গোপনে ফের বিয়ে করেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু আবদুল ওয়াদুদের সঙ্গে সংসার শুরু করেছেন এই অভিনেত্রী।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির এক অনুষ্ঠানে শুক্রবার (৩ জুলাই) হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন মৌসুমী। অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে নিজের বেবি বাম্প দেখিয়ে তিনি বলেন, ‘আমি মা হতে চলেছি।’
মৌসুমী জানান, ইচ্ছা করেই এই অনুষ্ঠানে এসে সবাইকে একসঙ্গে সুখবরটি দিতে চেয়েছেন। তিনি বলেন, আমি সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। জানতাম এখানে অনেক সহকর্মীর সঙ্গে দেখা হবে। তাই স্বামীকে নিয়েই এসেছি, যেন সবাইকে মা হওয়ার খবরটা জানাতে পারি।
মা হওয়ার খবরের পাশাপাশি এদিনই প্রকাশ্যে আসে তার বিয়ের বিষয়টিও। অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন মৌসুমী হামিদ। অভিনেত্রী বলেন, অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করতে পারে, তাই এত দিন কাউকে কিছু জানাইনি। আমার মনে হয়েছে, এই আয়োজনের মাধ্যমে খবরটি সঠিকভাবেই সবাই জানতে পারবে। আমি এবং আমার অনাগত সন্তান দুজনেই ভালো আছি। জীবনের নতুন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।
কবে বিয়ে করেছেন এমন প্রশ্নের জবাবে মৌসুমী জানান, তাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন আগে। তবে এখন ব্যক্তিগত জীবনের চেয়ে মা হওয়ার আনন্দটিই সবার সঙ্গে ভাগ করে নিতে চান। নিজেদের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা ১৪ বছরের পুরোনো বন্ধু। আমাদের চিন্তাভাবনা ও অনেক বিষয়ে মিল ছিল। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
প্রসঙ্গত, মৌসুমী হামিদ এর আগে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানা-কে বিয়ে করেছিলেন। তারা দীর্ঘ আড়াই বছর প্রেমের পর ২০২৪ সালের ১২ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ২০২৬ সালের শুরুর দিকে তাদের সেই দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে।



