কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫০ বছর বয়স হয়েছিল এ শিল্পীর।
এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান। তিনি জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ অবস্থায় আজ সকালে মৃত্যু হলো তার।
এর আগে চিকিৎসার অংশ হিসেবে ভারতের ব্যাঙ্গালুরু থেকে চিকিৎসা করিয়েছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২০ জুন মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এ শিল্পীর।
জাকির হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। পাঁচ বছরের একটি কন্যাসন্তান রয়েছে তার। ক্যারিয়ারে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের নৃত্য পরিচালনার সঙ্গে ছিলেন তিনি।
এছাড়া একসময় বিভিন্ন চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দেয়ার মাধ্যমে দর্শকের নজর কাড়েন। পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। আবার চলচ্চিত্র শিল্পী সমিতিতে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকের দায়িত্বও পালন করেছেন জাকির হোসেন।



