আগে বহুবার দেখা হয়েছে তাদের। একসঙ্গে ছবিও করেছেন তিনটি। সে ছবিগুলো হয়েছিল দর্শকনন্দিত। দুজনের মধ্যকার রসায়ন পছন্দ করেছিল দর্শক। তবে এবারের সাক্ষাৎ ব্যতিক্রম, বিশেষ। কারণ এরই মধ্যে থালাপতি বিজয় হয়ে গেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে বেশ আপ্লুত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
বুধবার চেন্নাইয়ে বিজয়ের কার্যালয়ে হাজির হয়েছিলেন সামান্থা। দুজন কুশল বিনিময় করেছেন, অতঃপর আলোচনা করেছেন চলচ্চিত্র ও রাজ্যের নানা বিষয় নিয়ে। বিজয়ের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ বার্তাও দিয়েছেন অভিনেত্রী।
সামান্থা লেখেন, ‘আমার সবসময়ই মনে হয়েছিল, বিজয় স্যার কেবল পর্দার নায়ক হয়ে থাকার জন্য তৈরি হননি। তার প্রাণশক্তি, উপস্থিতি এবং তার প্রতি মানুষের প্রতিক্রিয়া দেখে সবসময় মনে হয়েছে, তিনি আরও বড় কোনো দায়িত্ব পালনের জন্যই জন্মেছেন।’
বিজয়কে সাধুবাদ জানিয়ে তিনি লেখেন, ‘যে অঙ্গনে আপনি সাফল্যের শিখরে পৌঁছেছেন, সেটি ছেড়ে এমন এক চ্যালেঞ্জ গ্রহণ করা, যেখানে ঝুঁকি অনেক বেশি—এটার জন্য বিপুল সাহস লাগে। সহজ বলে নয়, বরং পরিবর্তন আনার বিশ্বাস থেকেই এমন সিদ্ধান্ত নিতে হয়। আমার বিশ্বাস, জীবনের কোনো এক সময় আমরা সবাই আরও বেশি কিছু করার তাগিদ অনুভব করি। নিজেদের সীমার বাইরে গিয়ে ভাবি, সমাজের জন্য কী করতে পারি, সেটা ভাবি। কিন্তু খুব অল্প মানুষই সেই ডাকের জবাব দিতে পারেন।’
সামান্থা মনে করেন, যাদের ভোটে বিজয় মুখ্যমন্ত্রী হয়েছেন, সে জনগণকে চমকে দেবেন তিনি। কারণ তিনি দায়িত্বের প্রতি নিষ্ঠাবান।
উল্লেখ্য, সামান্থা ও বিজয় একসঙ্গে অভিনয় করেছেন ‘কাত্থি’ (২০১৪), ‘থেরি’ (২০১৬) ও ‘মেরসাল’ (২০১৭) ছবিতে। তিনটি ছবিই হয়েছিল সুপারহিট।
এদিকে সামান্থা এখন ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘মা ইন্তি বেঙ্গারাম’ নিয়ে। শুক্রবার মুক্তি পাবে ছবিটি।



