সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহ পুনরায় উত্তোলনের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নতুন করে তদন্ত শুরু হয়েছে। প্রায় তিন দশক পর তার মরদেহ কবর থেকে পুনরায় উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তসংশ্লিষ্ট নথি অনুযায়ী, প্রথম দফায় মরদেহ উত্তোলনের পর পচন ধরায় চিকিৎসকরা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করতে পারেননি।
গত ২৪ মে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও নতুন ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য আদালতের অনুমতি নিয়ে মরদেহ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্ত করা হবে।
তদন্ত নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে নিউ ইস্কাটন রোডের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওইদিনই রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
তবে দীর্ঘ ২৯ বছর পর মামলাটি নতুন মোড় নেয়। গত ২০ অক্টোবর আদালত অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে স্ত্রী সামীরা হক, শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যাজনিত মৃত্যুর কথা উল্লেখ করা হলেও দ্বিতীয় দফায় লাশে পচন ধরায় মৃত্যুর কারণ নির্ধারণ সম্ভব হয়নি। নতুন করে সুরতহাল ও ময়নাতদন্তের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এই মৃত্যুরহস্যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা।



