Logo
Logo
×

বিনোদন

না ফেরার দেশে মালায়ালাম অভিনেতা সেলিম কুমার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৫৭ এএম

না ফেরার দেশে মালায়ালাম অভিনেতা সেলিম কুমার

মালায়ালাম চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সেলিম কুমার আর নেই। দক্ষিণ ভারতের কোচিতে শনিবার (৬ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাকে কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে ভেন্টিলেটর সাপোর্ট, অ্যান্টিবায়োটিক, ডায়ালাইসিসসহ বিভিন্ন জীবনরক্ষাকারী চিকিৎসা দেয়া হচ্ছিল। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে শেষ পর্যন্ত সব আশঙ্কাকে সত্যি করে থেমে গেল মালায়ালাম সিনেমার এই পরিচিত মুখের জীবন।

থিয়েটার ও মিমিক্রির মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন সেলিম কুমার। ১৯৯৭ সালে ‘ইস্টামানু নূরু ভাট্টাম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর কৌতুক অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে চরিত্রনির্ভর সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সত্যমেভা জয়তে’, ‘থেনকাসিপাট্টানাম’, ‘ওয়ান ম্যান শো’, ‘ই পারাক্কুম থালিকা’, ‘মিসা মাধবন’, ‘কালিয়ানারামান’, ‘সিআইডি মুসা’, ‘মায়াভি’, ‘পেরুমাঝাক্কালাম’, ‘আচানুরাঙ্গাথা ভীডু’ এবং ‘আদামিন্টে মাকান আবু’।

২০১০ সালে ‘আদামিন্টে মাকান আবু’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি অর্জন করেন। এছাড়া তিনি চারবার কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডও পান। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন এই অভিনেতা। তিনি ‘করুথা জুথান’ এবং ‘দৈবামে কৈথোজহাম কে. কুমার আকানাম’সহ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেন। তার মৃত্যুতে মালায়ালাম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন