Logo
Logo
×

বিনোদন

কারিনাকে লিভার দিচ্ছেন ভাই, চেন্নাইয়ে চিকিৎসা চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:০২ পিএম

কারিনাকে লিভার দিচ্ছেন ভাই, চেন্নাইয়ে চিকিৎসা চলছে

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউর হয়ে গুরুতর অসুস্থ কারিনাকে বর্তমানে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। 

সেখানে তার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।

সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

কায়সার হামিদ জানান এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। আর বোনের সম্ভাব্য লিভার দাতা হিসেবে সাথে রয়েছেন দুই ভাই মোস্তফা ও সাদাত। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে কারিনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে।

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, ‘সবাই দোয়া করবেন গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়েকে দেশের বাইরে নেওয়া হয়েছে। আমি আপাতত দেশে রয়েছি কিছু জরুরি কাজ গুছিয়ে নিতে এবং চিকিৎসার বিশাল ব্যয়ভার মেটানোর জন্য অর্থের জোগাড় করতে। তবে পরিবারের বাকিরা কারিনার পাশেই আছে।’

এদিকে গণমাধ্যমকে তিনি জানান চেন্নাইয়ে ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করেছেন। তার কথায়, ‘আগে ফুসফুসের সমস্যাটা সামাল দিচ্ছেন। এরপর লিভারে অপারেশন করা হবে। প্রেশার নিয়ন্ত্রণে আছে। হৃৎপিণ্ড কিডনিসহ বাকি সব ঠিক আছে।’

কায়সার হামিদ আরও জানান দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। বর্তমানে ধাপে ধাপে তার শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করা হচ্ছে। ফুসফুসে জমে থাকা পানি পরিষ্কার করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে লোপা কায়সার বলেন, ‘একই সঙ্গে তার লিভারে ভাইরাস সংক্রমণও রয়েছে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন আগে তাকে স্থিতিশীল করতে হবে কারণ বর্তমান অবস্থায় লিভার ট্রান্সপ্লান্ট বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মত শারীরিক সক্ষমতা তার নেই।’

পরিবার সূত্রে জানা গেছে কিছুদিন ধরেই কারিনা অসুস্থ বোধ করছিলেন। শুরুতে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস এ তে আক্রান্ত হন। 

কারিনার আগে থেকেই ‘ফ্যাটি লিভার’ এর সমস্যা ছিল। সংক্রমণের ফলে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে এবং গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়। জীবন বাঁচাতে তাকে তখন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন