তার গাওয়া প্রেমের গানে বুঁদ হয়ে থাকেন লাখো তরুণ তরুণী। গানের সুরে তিনি যেমন ভালোবাসার গল্প বোনেন, তেমনি বাস্তব জীবনেও নীরবে সেরে ফেললেন নিজের প্রেমের পরিণতি।
বাল্যকালের বান্ধবীকে গোপনে বিয়ে করেছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় প্লেব্যাক গায়ক জুবিন নটিয়াল। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। প্রথমে এ নিয়ে স্পিকটি নট থাকলেও অবশেষে নীরবতা ভেঙেছেন এই শিল্পী।
একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের কথা স্বীকার করেছেন জুবিন। গোপনে বিয়ে করার কারণ ব্যাখ্যা করে এই তারকা বলেন, ‘হ্যাঁ, আমি গত বছর বিয়ে করেছি। আমি বিয়ের মতো বিষয়গুলো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই।’
জুবিন উত্তরাখণ্ডের বাসিন্দা। নিজ রাজ্যেই খুবই সাদামাটা ও ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এসব তথ্য স্মরণ করে জুবিন বলেন, ‘উত্তরাখণ্ডে বিয়ে করেছি। খুবই সাধারণ ও সীমিত পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আমার জীবনসঙ্গীও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনেক দূরে থাকে। সে আমার শৈশবের বন্ধু। এখনকার দিনে বিয়ে খুব বড় আকারে হয়, তাই আমরা ঠিক করেছিলাম সহজভাবেই করব।’
জুবিনের স্ত্রীর নাম জানানো হয়নি। তবে তার স্ত্রী খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করেন এবং প্রচারের আলো থেকে দূরে থাকতে চান। তার সিদ্ধান্তের কারণেই বিয়েটাও ছোট পরিসরে হয়েছে। এ বিষয়ে জুবিন বলেন, ‘এর পেছনে আমার স্ত্রীর সরলতাই কারণ। সে খুব সাধারণ পরিবার থেকে এসেছে, দেরাদুনের একজন সাধারণ মেয়ে, যে আমার শৈশবের বন্ধু। পারিবারিক পরিচয় থেকেই আমাদের বিয়ে হয়েছে।’
শৈশবের বন্ধুত্ব থেকে প্রেম এবং শেষ পর্যন্ত লাভ কাম অ্যারেঞ্জড ম্যারেজে রূপ নিয়েছে তাদের এই সম্পর্ক। পুরো অনুষ্ঠানটি ছিল ছোট ও ঘনিষ্ঠ পারিবারিক আয়োজন যা অনেকটা পারিবারিক ডেস্টিনেশন ইভেন্টের মতো।
উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা জুবিন ২০১১ সালে রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’য় অংশ নিয়ে লাইমলাইটে আসেন। পরবর্তীকালে তিনি ‘তুম হি আনা’, ‘রাতা লম্বিয়াঁ’, ‘তুঝে কিতনা চাহেঁ অউর হাম’, ‘কিন্না সোনা’, ‘বন্দিয়া’, ‘দিল জানিয়ে’, ‘প্যায়ার তো থা’, ‘সো গয়া ইয়ে জহাঁ’, ‘ম্যাঁ জানতা হুঁ’ এবং ‘মেহেরবানি’র মতো একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন এই তারকা শিল্পী।



