বগুড়ার পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন এর খোলা মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল দেশের সংগীতজগতের উজ্জ্বল তারকাদের মিলনমেলা।
এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। মঞ্চে তার নাম ঘোষণা করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। অতিথিদের উপস্থিতিতে কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বার্তাপ্রধান শাইখ সিরাজ টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং আরও অনেকে।
আয়োজনে বিশেষ সম্মাননা লাভ করেছেন লোকগানের প্রখ্যাত শিল্পী কাঙালিনী সুফিয়া। তার নাম ঘোষণা করেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। মঞ্চে উপস্থিত অতিথিরা তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক ও চেক প্রদান করেন।
এদিন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা ছাড়াও দর্শকদের মন জয় করেন তানভীর আলম সজীব ও তার দল মেহরীন মাহতিম সাকিব মো. খুরশীদ আলম বাপ্পি লিজা সাব্বির লুইপা শওকত হায়াত খান ইমরান কোনাল অনন্যা বিউটি সালমা আতিয়া আনিসা শফিক তুহিন ঝিলিক কিশোর এবং অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ।
এ ছাড়া সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মঞ্চ মাতিয়ে রাখেন। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম এবং উপস্থাপনা করেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।



