Logo
Logo
×

বিনোদন

‘কুইন’ খ্যাত অভিনেত্রী নবনীন্দ্র মারা গেছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম

‘কুইন’ খ্যাত অভিনেত্রী নবনীন্দ্র মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের প্রবীণ অভিনেত্রী নবনীন্দ্র বেহল। সোমবার (১৬ মার্চ) মৃত্যু হয়েছে তার। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে নির্মাতা কানু বেহল।

প্রখ্যাত এ অভিনেত্রীর মৃত্যুতে থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমেছে। দীর্ঘদিনের ক্যারিয়ারে অভিনয় ও মঞ্চচর্চার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছিলেন তিনি। ফলে ইন্ডাস্ট্রির সহকর্মীদের কাছে যেমন অত্যন্ত প্রিয় ছিলেন, একইসঙ্গে অভিনয়শিল্পী হিসেবেও ছিলেন আদর্শের নাম।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নবনীন্দ্রের মৃত্যুর ব্যাপারে তার ছেলে কানু সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে গভীর শোক জানিয়েছেন। তিনি মায়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার টাইটান, আমার বিশ্বাস, ভালোবাসা, পথপ্রদর্শক, পরামর্শদাতা ও আমার হৃদয়―শান্তিতে থেকো মা; আবার জন্ম দেয়ার আগ পর্যন্ত।’

চলচ্চিত্র নির্মাতা কানু আরও লিখেছেন, ‘আমার চোখ সবসময় তোমার সেই অদম্য হাসি, সেই উষ্ণ অট্টহাসি, উষ্ণ আলিঙ্গন ও সেই জ্বলন্ত কৌতূহলী চোখ খুঁজবে। চিরকাল আলোকিত। আমার আত্মাকে আলোকিত করার জন্য তোমাকে ধন্যবাদ মা।’

প্রসঙ্গত, দীর্ঘদিন থিয়েটার, সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন নবনীন্দ্র। অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন সময় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। বলিউডের ‘কুইন’ সিনেমায় কঙ্গনা রানাওয়াতের দাদির চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন। এছাড়া ‘লাকি ওয়ে’, ‘মাচিস’ ও ‘দ্য গুরু’র মতো সিনেমায় কাজ করেছেন তিনি।

সাবলীল অভিনয় স্বাভাবিক উপস্থিতির কারণে দর্শকহৃদয়ে আলাদাভাবে জায়গা করে নিয়েছিলেন এ অভিনেত্রী। তবে শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও সমানভাবে অবদান রয়েছে তার। জনপ্রিয় ধারাবাহিকে তার অনবদ্য অভিনয় বরাবরই প্রশংসিত হয়েছে দর্শকমহলে। 

‘কুইন’ খ্যাত এ অভিনেত্রী ব্যক্তিজীবনে অভিনেতা ও পরিচালক ললিত বেহলের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন। ২০২১ সালে দিল্লিতে মহামারি করোনা ভাইরাসজনিত জটিলতায় মৃত্যু হয় তার স্বামীর।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন