Logo
Logo
×

বিনোদন

বক্স অফিসে নতুন রেকর্ড ‘ধুরন্ধর’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

বক্স অফিসে নতুন রেকর্ড ‘ধুরন্ধর’

মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শক টানতে সমানে ‘ব্যাটিং’ করে যাচ্ছেন এই বলিউড সুপারস্টার। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার যে লম্বা রেসের ঘোড়া, তা মুক্তির প্রথম সপ্তাহেই টের পাওয়া গিয়েছিল। তবে সব রেকর্ড ছাপিয়ে ছবিটি এখন ওটিটিতে আসার পরও সিনেমা হলে অপ্রতিরোধ্য গতিতে চলছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিনেমার প্রযোজনা সংস্থা ‘বি৬২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেক্ষাগৃহে সগৌরবে সাফল্যের ৭৫ দিন পূর্ণ করেছে ‘ধুরন্ধর’। ভারতীয় বিনোদনের ইতিহাসে যা একটি বিরল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতারা উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘সিনেমাহলে ৭৫ দিনের অপ্রতিরোধ্য দৌড় ধুরন্ধরের।’

বক্স অফিসের পরিসংখ্যানেও অবিশ্বাস্য চমক দেখিয়েছে ছবিটি। প্রেক্ষাগৃহে ৭৫ দিনের এই যাত্রায় কেবল ভারতের বাজার থেকেই ছবিটি আয় করেছে ৮৩৮ কোটি টাকা। এর মাধ্যমে বলিউডের ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে ভারতের মাটিতে ৮০০ কোটির গণ্ডি পেরোনোর অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর’। 

শুধু তাই নয়, বিশ্বব্যাপী এর সংগ্রহ দাঁড়িয়েছে ১৩০০ কোটি টাকায়। আয়ের এই অঙ্ক বলিউডের ব্লকবাস্টার ‘জওয়ান’ এবং দক্ষিণি মেগাহিট ‘পুষ্পা ২’-এর ব্যবসাকেও ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘ধুরন্ধর’-এর বিশাল সাফল্য রণবীর সিংয়ের ক্যারিয়ারের সাম্প্রতিক ব্যর্থতা ঢেকে দিয়ে নতুন প্রাণ সঞ্চার করেছে।

ছবিটিতে নতুন এক অক্ষয় খান্নাকে আবিষ্কার করেছে দর্শক। বিশেষ করে ‘FA9LA’-র র‍্যাপ গানে অক্ষয়ের নাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এছাড়াও অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্তের ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

এদিকে ‘ধুরন্ধর’-এর রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য আরও এক বড় সুখবর দিয়েছেন নির্মাতারা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর সিক্যুয়েলের টিজার। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শিরোনামের এই নতুন কিস্তি আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, সিক্যুয়েলটি প্রথম কিস্তির এই বিশাল সাফল্যের রেকর্ড ভাঙতে পারে কি না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন