আইনি জটিলতায় আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য বা*ডস অফ বলিউড’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে দায়ের করা মানহানির মামলাটি নতুন মোড় নিয়েছে। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, আঞ্চলিক এখতিয়ারের কারণে মামলাটি দিল্লিতে শোনা সম্ভব নয়। ফলে ওয়াংখেড়ে এখন মুম্বাইয়ের আদালতে মামলা লড়তে পারবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্টের বিচারপতি বিকাশ মহাজন জানান, এ বিষয়ে শুনানির এখতিয়ার তাদের নেই। এরপর আদালত ওয়াংখেড়েকে মুম্বাইয়ের দিনদোশি সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টে অভিযোগ উপস্থাপনের অনুমতি দেয়। আগামী ১২ ফেব্রুয়ারি এ আবেদনের শুনানি হবে এবং উভয় পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে নেটফ্লিক্স অভিযোগ খারিজের আবেদন করেছিল, যার কয়েক দিন পরই আদালতের এই রায় আসে।
ওয়াংখেড়ের অভিযোগ, সিরিজে এমন একটি চরিত্র রাখা হয়েছে যা দেখতে ও আচরণে তার মতো। তিনি দাবি করেন, ২০২১ সালে আরিয়ান খান মাদক মামলার বহুল আলোচিত ঘটনার জেরে তাকে উপহাস করতে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ওই চরিত্রটি তৈরি করা হয়েছে।
তিনি শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং নেটফ্লিক্সের কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিতর্কিত দৃশ্য প্রচার বন্ধে নিষেধাজ্ঞার আবেদনও জানিয়েছেন।
আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য বা*ডস অফ বলিউড’ রেড চিলিজের ব্যানারে নির্মিত প্রথম কাজ। এতে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, লক্ষ্য ও রাঘব জুয়াল। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘আসমান সিং’ নামের এক বহিরাগত যুবককে ঘিরে, যে বলিউডের গ্ল্যামারের আড়ালে থাকা কঠিন বাস্তবতা ও বিশৃঙ্খলার মুখোমুখি হয়। এটি একটি আত্মসচেতন ব্যঙ্গাত্মক ড্রামা।



