ছবি- সংগৃহীত
হলিউডের দুই মহাতারকা টম ক্রুজ ও ব্রাড পিটকে সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল ৩১ বছর আগে। এরপর একই ইনডাস্ট্রিতে কাজ করলেও একসঙ্গে আর কখনোই দেখা যায়নি তাদের। এরপর দীর্ঘ ২৪ বছর পর আবার একসঙ্গে দেখা গেল পুরোনো দুই বন্ধুকে। তবে অভিনয়ে নয়, এক মঞ্চে। সম্প্রতি ব্রাড পিটের মুক্তি প্রতিক্ষীত নতুন সিনেমা ‘এফ ওয়ান’ প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টম ক্রুজ।
লন্ডনে ‘এফ ওয়ান’ প্রিমিয়ারে টম ক্রুজের উপস্থিতি ছিল সত্যিই অবাক করার মত। অনুষ্ঠানে রেড কার্পেটে ব্র্যাড পিটের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৯৪ সালে নীল জর্ডানের হরর ক্লাসিক ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’-এ একসাথে অভিনয় করেছিলেন এ দুই তারকা। এরপর কেটে গেছে তিন দশক। ‘এফ ওয়ান’ দিয়ে ৩১ বছর পর পুনর্মিলন ঘটলো তাদের! যদিও ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’র পর আরও একটি সিনেমায় অভিনেতাদের একসাথে অভিনয়ের কথা ছিল। কিন্তু দুই মহাতারকাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে গিয়ে যে বাজেটের মুখোমুখি হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান, সেটা সামাল দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে যেত। তাই পরিকল্পনাতেই সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়।
টমকে নিয়ে মন্তব্য করে চলতি মাসের শুরুতেই পিট খবরের শিরোনামে এসেছিলেন। ‘এফ ওয়ান’র মেক্সিকো প্রিমিয়ারে বলেছিলেন, তিনি আবারও ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী।
মে মাসে মুক্তিপ্রাপ্ত মিশন ইম্পসিবল ‘দ্য ফাইনাল রিকনিং’ সিনেমায় ইথান হান্টের ভূমিকায় ফিরে এসেছিলেন টম। এটি বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকএন্ডে রেকর্ড গড়েছে। প্যারামাউন্টের এ অ্যাকশন সিনেমাটি এরইমধ্যে ৫৪০ মিলিয়ন মার্কিন ডলার ঘরে তুলেছে এবং প্রতিদিন এর আয় বেড়েই চলেছে।
আরএস/



