Logo
Logo
×

শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তব প্রয়োজন নেই, এমন কোনো নতুন বিভাগ চালু করা যাবে না : শিক্ষামন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তব প্রয়োজন নেই, এমন কোনো নতুন বিভাগ চালু করা যাবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তব প্রয়োজন নেই, এমন কোনো নতুন বিভাগ চালু করা যাবে না। শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থা সাজাতে হবে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে ‘শিল্প ও শিক্ষাঙ্গণের সহযোগিতা : সরকারের নীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানের বাজারে যেসব বিষয়ের চাহিদা রয়েছে, সেগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। বেকারত্ব দূর করতে যা যা করা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে। এ লক্ষ্য অর্জনে নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমকে স্বাগত জানানো হবে। শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়িয়ে শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। গবেষণার ফলাফল যেন সমাজ ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারে, সে জন্য অর্জিত জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টিতে বাজেটের কোনো অভাব নেই। গবেষণার জন্যও পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। এসব অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কীভাবে কমানো যায়, তা নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

সেমিনারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন