Logo
Logo
×

শিক্ষা

বুয়েটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

Icon

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

বুয়েটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারির পর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও (বুয়েট) এ সিদ্ধান্ত মানছে না। বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বুয়েটের ওয়েবসাইটে দেওয়া এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের ১৬ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক হয়। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।

ইউজিসির ওই বৈঠকের পরও বুয়েট কর্তৃপক্ষ পূর্বঘোষিত সময়সূচিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। 

গত ৭ নভেম্বর বুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান জানিয়েছিলেন, ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানিয়েছিলেন, এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরা বুয়েটে ভর্তির আবেদন করতে পারবেন। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকার সম্ভাবনা কম। কারণ, তাদের প্রাপ্ত নম্বর তুলনামূলক কম থাকবে।

জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পর্ব ছিল না। শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। এবারও একই পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক ড. মো. কামরুল হাসান জানিয়েছিলেন, শিগগির বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে ভর্তির আবেদন শুরুর তারিখসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন