রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ নভেম্বর চার দিনব্যাপী পর্যটন ও খাদ্য উৎসব শুরু
রাবি প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘চতুর্থ ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বৈচিত্র্যময় খাবার, দেশীয় হস্তশিল্প ও তরুণ উদ্যোক্তাদের প্রদর্শনীর পাশাপাশি থাকছে লোকসংগীত, গম্ভীরা, আলকাপ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা।
বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদ হোসেন ও অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন জানান, পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় সংস্কৃতির প্রচার এবং শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চার দিনব্যাপী এ মেলায় প্রতিদিন থাকছে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক আয়োজন। ৪ নভেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতানুষ্ঠান, ৫ নভেম্বর আলকাপ গান ও নৃত্য পরিবেশনা এবং ৬ নভেম্বর গম্ভীরা গান ও শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠিত হবে। শেষ দিন ৭ নভেম্বর থাকছে আলকাপ গান, ‘মেলোডি অব বিডি’ এবং ‘অগ্নি অ্যালায়েন্স’-এর নৃত্য পরিবেশনা।
মেলার আর্থিক সহযোগিতায় রয়েছে এবি ব্যাংক, হোটেল নিসর্গ কক্সবাজার, নাবিল গ্রুপ, নেচার টাচ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। সার্বিক সহযোগিতায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পণ্য ও সেবাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে ইস্পাহানি মির্জাপুর, রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিয়াম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং প্রাণ কোম্পানি।
আয়োজকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের দর্শনার্থীদের এ বর্ণিল আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।



