এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এ বছর ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র ব্যবহার করা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।



